থানায় তদবির করতে গিয়ে বহিষ্কার হলেন শ্রমিক দল নেতা

খুলনায় পুলিশের হাতে আটক মাদকসেবনকারীকে ছাড়ানোর জন্য থানায় তদবির করতে যাওয়ার ঘটনায় এক শ্রমিক দল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) খুলনা মহানগর শ্রমিক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত মোস্তফা শেখ দুলাল খুলনা মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে মোস্তফা শেখ দুলালকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবর রহমান ও সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি।
খুলনা মহানগর বিএনপির বার্তা প্রেরক মো. শরিফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারের সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে অবগতির জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে খুলনা মহানগর শ্রমিক দলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফি বলেন, ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে নিশ্চিত হই, তিনি থানায় গিয়ে এক মাদকসেবনকারীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে থানার সঙ্গে যোগাযোগ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারাও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, থানায় আটক মাদক সেবনকারীকে ছাড়িয়ে নিতে মোস্তফা শেখ দুলাল ও তার এক সহযোগী থানায় আসেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





