logo

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে কাল বৈশাখী ঝড়ের কারণে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে যাওয়ায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরানোর পর এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগে, রাত সাড়ে ১০টার দিকে বাকৃবি এলাকায় রেললাইনের ওপর গাছ পড়লে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি তারাকান্দির দিকে যাচ্ছিল। রাত সাড়ে দশটার দিকে বাকৃবি এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের চালক দেখেন ঝড়ের কারণে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে আছে।

এই অবস্থায় ট্রেন থামিয়ে রেলওয়ের উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসে খবর দেন। তখন থেকেই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস, অগ্নিবীণা ট্রেনসহ ৩টি ট্রেন বিভিন্ন এলাকায় আটকে পড়ে। পরে তিন ঘণ্টার চেষ্টায় রেললাইনের ওপর থেকে গাছ সরালে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তবে শিডিউল বিপর্যয় হয়েছে। এই রুটে প্রত্যেকটি ট্রেন দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে। তবে দুপুরের মধ্যেই যথাসময়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে ধারণা করছি।