Advertisement

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিকদের

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিকদের
মোবারকগঞ্জ সুগার মিলের টাইম অফিস গেটে কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। ছবি: এশিয়া পোস্ট

তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা গেট মিটিং করেছেন। বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) সকালে মিলের টাইম অফিস গেটে এ কর্মসূচি পালন করা হয়।

গেট মিটিংয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন না হওয়ায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমি জনবলকে সমন্বয়ের মাধ্যমে স্থায়ী করা, সরকার ঘোষিত ১৫ শতাংশ প্রণোদনা বাস্তবায়ন এবং পে-কমিশনের আদলে নতুন মজুরি কমিশন গঠন ও বাস্তবায়ন।

গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহসাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মিলন বিশ্বাস, সহসভাপতি সাহাদ আলী, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ ইউনিয়নের অন্য নেতা ও শ্রমিকরা।

বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত পরবর্তী কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) বিক্ষোভ মিছিল ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। এ ছাড়া বুধবার (২২ জুলাই) বিক্ষোভ মিছিলের পাশাপাশি সকাল ১০টা থেকে চার ঘণ্টার কর্মবিরতি এবং বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালনসহ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি।

বিষয় :ঝিনাইদহ