logo

বাড়িতে ঢুকে আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা

বাড়িতে ঢুকে আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা

গাইবান্ধা সদর উপজেলায় নিজ বাড়িতে ঢুকে এক আইনজীবীর সহকারীকে (মুহুরি) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত অমিতাভ চন্দ্র সুজন (৩৬) ওই এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মুহুরি হিসেবে জেলা জজ কোর্টে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন সুজন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকে এলোপাতাড়ি মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পলাশবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই সুধান চন্দ্র রায় এশিয়া পোস্টকে জানান, জমি নিয়ে গত ৪/৫ বছর থেকে স্থানীয় নরেশ চন্দ্রের সঙ্গে বিরোধ চলছিল। সেই রেশ ধরে নরেশ চন্দ্র নিহত সুজনকে হুমকি দিত। ওরাই বাড়িতে ঢুকে সুজনের মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অবস্থানকালে দুর্বৃত্তরা ধারাল কুড়াল দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।

‎এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এশিয়া পোস্টকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত কার্যক্রম শুরু করে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।