logo

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের জেল

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের জেল

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওবেকী ও বড়কুপোট এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নজরুল ইসলাম, সজীব শেখ, ইব্রাহিম গাজী, আক্তারুল গাজী ও আব্দুল্লাহ আল মামুন।

আদালত সূত্র জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আক্তারুল গাজীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধ স্বীকার করায় বাকি চারজনের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সাতক্ষীরার হিজলিয়া বালুমহালের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর থেকে খোলপেটুয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বেড়েছে। বিশেষ করে রাতে একাধিক কার্গো নৌযান ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন বলেন, ইজারা ছাড়া কিংবা নির্ধারিত এলাকার বাইরে থেকে বালু উত্তোলন করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।