দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ডাম্প ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত পাম্প সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে অবৈধভাবে দাঁড়িয়ে ছিল একটি বালুবাহী ডাম্প ট্রাক। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও দুই জন মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান জানান, ভোর ৫টা ২২ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে একজনের লাশ এবং ১২ জন আহতকে উদ্ধার করে পুলিশের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দারগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুয়াজ্জিম উদ্দিন জানান, কুড়িগ্রামগামী বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
