Advertisement

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সভায় কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : এশিয়া পোস্ট

স্বৈরাচারের দোসররা আজও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Advertisement

বুধবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক।

প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই কারও একার নয়, এটি পুরো বাংলাদেশের মানুষের। বিনা কারণে বা অন্যায্য অজুহাতে যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তবে তার সুযোগ নেবে স্বৈরাচারের অনুসারীরা। তারা আমাদের বিভক্তি দেখতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে অগণিত মানুষ গুম ও শহিদ হয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে সাড়ে পাঁচ মাস আগে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ।

জুলাই যোদ্ধাদের কল্যাণে অঙ্গীকার ব্যক্ত করে স্থানীয় এই সংসদ সদস্য জানান, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কার্ডধারী প্রত্যেক জুলাই যোদ্ধার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাদের কর্মসংস্থানে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। পরে তাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে সকালে টাঙ্গাইল জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

বিষয় :