ময়মনসিংহে ভাড়া বাসায় গলা কেটে যুবককে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
ময়মনসিংহে ভাড়া বাসায় গলা কেটে যুবককে হত্যা
নিহতের স্বজনদের আহাজারি ও ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল নাম এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে নগরের ৩৬ বাড়ি কলোনি এলাকার একটি বাসা থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রাজিব আহম্মেদ রুবেল নগরের আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, পুলিশ ওই বাসায় গিয়ে বিছানায় রুবেলের রক্তাক্ত মরদেহ পায়। পরে মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। রুবেলের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের পাঁচ রুমের বাসার একটি রুমে ভাড়া থাকতেন রাজিব আহম্মেদ। তিনি প্রায় এক মাস আগে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। এ বাসায় তার কয়েকজন বন্ধুও থাকতেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি ওই বাসায় গিয়ে রুবেলকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করে বলে প্রতিবেশীরা জানান।

এর আগে, বাসার সামনের সড়কে থাকা রুবেলের চাচাতো ভাইয়ের একটি মোটরসাইকেলও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। দুপুর ২টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে বাসাটির সব ভাড়াটিয়া ও মালিক পারুল আক্তার পলাতক রয়েছেন।

নিহতের বোন রুনা আক্তার বলেন, আমার ভাইকে এই বাসার লোকজনই হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। ইতোমধ্যে মো. রনি ও সজল নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয় :ময়মনসিংহ