logo

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে: এলজিআরডি মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে: এলজিআরডি মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ মার্চ) সকালে নিজ নির্বাচনি এলাকায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা করা হবে। আমাদের সীমিত সম্পদ ব্যবহার করে ভালো স্বাস্থ্যসেবা ও প্রয়োজন মেটাতে হবে। মানুষ যেন ভালো স্বাস্থ্যসেবা পায় সে বিষয়ে আমরা সব সময় সজাগ থাকব। 

তিনি আরও বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন, তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। রোগী ও স্বজনদের চলাচল সহজ করতে একটি লিফট স্থাপনের বিষয়েও জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।