logo
Advertisement

গ্যাস সংকটের মধ্যে তিতাসের নতুন কূপ চালু কাল

গ্যাস সংকটের মধ্যে তিতাসের নতুন কূপ চালু কাল
ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে অবস্থিত তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ। ছবি : এশিয়া পোস্ট

তীব্র গ্যাস সংকটে দেশের শিল্পকারখানার উৎপাদন যখন ব্যাহত হচ্ছে, ঠিক তখনই একটি স্বস্তিদায়ক খবর দিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সব আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে তিতাস গ্যাসক্ষেত্রের সি-লোকেশনে অবস্থিত ২৮ নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে যাচ্ছে।

নতুন এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস, যা চলমান সংকটে কিছুটা হলেও দূর হবে।

বিজিএফসিএল সূত্রে জানা গেছে, শনিবার সকালে কূপটির উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয় ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রকল্পের বিবরণ থেকে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সানকেইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’ (সিসিসিডি) গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু করে। এর আগে ১০ এপ্রিল স্বাক্ষরিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ এবং খননযন্ত্র ও প্রয়োজনীয় মালামাল স্থানান্তরের কাজ সম্পন্ন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে এখন কূপটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে।