logo
Advertisement

বাগেরহাটে প্রতিবেশীর হামলায় প্রাণ গেল বৃদ্ধের

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
বাগেরহাটে প্রতিবেশীর হামলায় প্রাণ গেল বৃদ্ধের
কচুয়া থানা। ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেদার মল্লিক উত্তর ভান্ডারখোলা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘাত-সংঘর্ষে রূপ নেয়।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী রমজান, তার স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি ও কাঠের ডাসা দিয়ে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে বেধড়ক মারধর করেন।

মারধরে মারাত্মক আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে বেদার মল্লিক ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে কাইয়ুমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরিবারের আরও দুই সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর রমজান, তার স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাঁস নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।