সার নিয়ে কারসাজি, ডিলারকে লাখ টাকা জরিমানা

নিয়মবহির্ভূতভাবে কৃষকের বরাদ্দের সার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা।
উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে অভিযান চালিয়ে মেসার্স আফতাব ট্রেডার্সের মালিক গনি বিহারীকে এ জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি কৃষকের বরাদ্দের সার কালোবাজারে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল। ইউনিয়নের কয়েকটি অবৈধ সারের দোকান ও কৃষকের কাছে ১ হাজার ৫০ টাকা দামের সার ১ হাজার ৫৩০ থেকে ১ হাজার ৫৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছিল।
কৃষকের জন্য বরাদ্দকৃত সার বিকেল বা সন্ধ্যার পর অন্যত্র পাচার করার অভিযোগও রয়েছে। কৃষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও পাওয়া গেছে।
অভিযানে আরও জানা যায়, ১ হাজার ৩৫০ টাকা দামের ইউরিয়া সার ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত এবং ১ হাজার টাকা দামের এমওপি পটাশ ১ হাজার ২০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



