logo
Advertisement

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রবিন চাকমা কারাগারে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বান্দরবান
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রবিন চাকমা কারাগারে
রবিন চাকমা। ছবি : পুলিশ সূত্রে পাওয়া

বান্দরবানের থানচিতে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জেএসএসের ‘কালেক্টর’ হিসেবে পরিচিত রবিন চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) বিশেষ বিজিবি ও পুলিশের সমন্বিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই থানচি থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৮৫ ও ৩৪ ধারায় রবিন চাকমাকে এজাহারভুক্ত আসামি করা হয়। মামলায় তার বিরুদ্ধে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রবিন চাকমার অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি চালাচ্ছিল। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর বিশেষ বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। এতে ৭ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, রবিন চাকমার বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে। বিশেষ বিজিবি ও পুলিশের সমন্বিত অভিযানে তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একই সঙ্গে মামলার অন্যান্য এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।