অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, ৩০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুটি বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নৈকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজিব।
অভিযানে দেখা যায়, আল মদিনা বেকারি ও মক্কা মদিনা বেকারিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে এসব পণ্য উৎপাদনের দায়ে আল মদিনা বেকারির মালিক মো. হান্নান আকনকে ২০ হাজার টাকা এবং মক্কা মদিনা বেকারির মালিক মো. জলিল আকনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারীরা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার মো. দেলোয়ার আকনের ছেলে এবং সম্পর্কে তারা আপন ভাই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্যপণ্যের বিরুদ্ধে আমাদের এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


