logo
Advertisement

সাপের কামড়ে প্রাণ গেল বিএনপি নেতার

এশিয়া পোস্ট নিউজ, পটুয়াখালী
সাপের কামড়ে প্রাণ গেল বিএনপি নেতার
জাকির মৃধা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় নিজঘরে বসে টেলিভিশন দেখার সময় সাপের কামড়ে জাকির মৃধা (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

নিহত জাকির মৃধা গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃধা বাড়ির মো. ফজলুল করিম মৃধার ছেলে। তিনি স্থানীয় বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজঘরে বসে টেলিভিশন দেখছিলেন জাকির মৃধা। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা গুরুতর দেখতে পান। পরে পটুয়াখালী সদর হাসপাতালে স্থানান্তরের (রেফার্ড) সিদ্ধান্ত নেওয়া হয়। সেখান থেকে অক্সিজেনসহ অ্যাম্বুলেন্সে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই ও সাবেক ইউপি সদস্য আব্দুল অদুদ মৃধা বলেন, সাপে কাটার পর দ্রুতই জাকিরকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে পটুয়াখালী নেওয়ার পথে সে মারা যায়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা জানান, জাকির মৃধাকে হাসপাতালে আনার সময়ই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তার শারীরিক ও কার্ডিয়াক জটিলতা বিবেচনায় জ্যেষ্ঠ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভেনম দেওয়া হয়নি। কারণ, অ্যান্টিভেনম প্রযোগের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা জটিলতা তৈরি হলে তা সামাল দেওয়ার মতো আইসিইউ ব্যবস্থা উপজেলা হাসপাতালে নেই। তাই স্বজনদের সঙ্গে আলোচনা করেই তাকে দ্রুত পটুয়াখালীতে পাঠানো হয়েছিল।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবা উদ্দিন জানান, রোগীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পথেই তার মৃত্যু হয়।