চট্টগ্রামে তরুণকে ধাওয়া করে গুলি

চট্টগ্রামের হাটহাজারীতে বাগ্বিতণ্ডার জেরে এক তরুণকে ধাওয়া করে গুলি করার ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তরুণের নাম মুহাম্মদ আরাফাত (২৬)। তিনি পাশের বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, তুচ্ছ কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফ ও ইমন নামের দুই যুবক সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে আরাফাতকে ধাওয়া দেয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গুরুতর জখম হয়ে আরাফাত মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত হামলাকারীরা সটকে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।



