জমির উদ্দিনের মৃত্যুতে পঞ্চগড়ে তিন দিনের শোক ঘোষণা, গায়েবানা জানাজা

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
জমির উদ্দিনের মৃত্যুতে পঞ্চগড়ে তিন দিনের শোক ঘোষণা, গায়েবানা জানাজা
পঞ্চগড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত। ইনসেটে ব্যারিস্টার জমির উদ্দিন। ছবি : এশিয়া পোস্ট

সাবেক স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের প্রয়াণে তার জন্মভূমি পঞ্চগড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের নয়াবাড়ি এলাকার নিজ গ্রামে স্বজন ও স্থানীয় বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন।

রোববার (১২ জুলাই) ভোরে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবরে সকাল থেকেই তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামের বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ ভিড় করতে থাকেন। দীর্ঘদিনের অভিভাবককে শেষবারের মতো দেখতে ও তার জন্মভূমিতেই দাফন সম্পন্ন করার জোর দাবি জানান স্বজন ও এলাকাবাসী।

তেঁতুলিয়া উপজেলা যুবদলের নেতা হামিদুল হাসান লাবু বলেন, ‘সাবেক স্পিকার ও রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এই অঞ্চলের মানুষের জন্য বটবৃক্ষ ছিলেন। তার মৃত্যুতে আমরা চিরতরে একজন অভিভাবক হারালাম। বৈরী আবহাওয়ার কারণে মরদেহ হয়তো নিয়ে আসা সম্ভব হচ্ছে না, তবে তার জানাজা ও দাফন যদি পঞ্চগড়ে করা হতো, আমরা সবচেয়ে খুশি হতাম।’

এদিকে প্রিয় নেতার প্রয়াণে শোকে মুহ্যমান জেলা বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই দলীয় কার্যালয়ে ভিড় জমান এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। সকালে দলীয় কার্যালয়ে এসে প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফীসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘দেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো। জাতীয় রাজনীতির পাশাপাশি এই জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ অসংখ্য দৃশ্যমান উন্নয়ন করেছেন তিনি। তার অবদান এ অঞ্চলের মানুষ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’

জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু আবেগাপ্লুত হয়ে বলেন, ‘তিনি আমাকে ভাতিজার মতো স্নেহ করতেন। সবসময় সদা হাসিমুখে কথা বলতেন। তার মতো অভিভাবক এই অঞ্চলে আমরা আর পাব না।’

তিন দিনের শোক ও গায়েবানা জানাজা

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে জেলা বিএনপি তিন দিনের দলীয় শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর আড়াইটায় পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জিয়া গার্লস স্কুল মাঠে বিকেল সাড়ে ৫টায় ভজনপুর ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার এবং সাংবিধানিক ধারাবাহিকতায় দুইবার দেশের অস্থায়ী রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং ১৯৯৬ সালের মার্চ মাসে স্বল্প মেয়াদে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

বিষয় :পঞ্চগড়