আটক ‘মাদক ব্যবসায়ীর’ মৃত্যু, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের মারধর স্থানীয়দের

মাগুরা মহম্মদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় আটক আকব্বর মোল্লা নামে এক ‘মাদক ব্যবসায়ীর’ মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রীর জোসনা খাতুনের অভিযোগ, তার স্বামীকে মাদকদ্রব্যের কর্মকর্তারা পিটিয়ে হত্যা করেছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার কানুটিয়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে উত্তেজিত এলাকাবাসী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা চালান। এতে মিঠুন বেপারী নামে এক সদস্য গুরুতর আহত হন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম রোববার বেলা ১১টার দিকে কানুটিয়া চরপাড়া এলাকায় একাধিক মাদক মামলার আসামি আকব্বর মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে আকব্বর মোল্লার ঘরের আলমারি থেকে আধাকেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় আকব্বর মোল্লাকেও আটক করা হয়। আসামি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে উত্তেজিত এলাকাবাসী তাদের ওপর হামলা চালিয়ে মিঠুন বেপারী নামে এক সদস্যকে গুরুতর আহত করে। পরে মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জনরোষ থেকে উদ্ধার করে।
স্থানীয়দের সহায়তায় নিহত আকব্বরকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাননি বলেও জানান চিকিৎসক।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, কানুটিয়া চরপাড়ার আকব্বর নামে এক মাদক ব্যবসায়ীকে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকের সময় তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে।