হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
হোটেল নর্থভিউ ঘিরে মানুষের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

রংপুর নগরীর একটি আবাসিক হোটেলের ৯ তলার ছাদ থেকে পড়ে নুজসাত নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২২ জুন) বিকেলে নগরীর সেন্ট্রাল রোড এলাকার ‘হোটেল নর্থভিউ’-এ এই ঘটনা ঘটে।

নিহত নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নুজসাত হোটেলটির ৯ তলা ভবনের ছাদে যান এবং সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে তিনি ছাদের রেলিংয়ের ওপর বসার চেষ্টা করার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। ঘটনার সময় তার আশপাশে অন্য কাউকে দেখা যায়নি। ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, সিসিটিভি ফুটেজে মেয়েটিকে দীর্ঘ সময় ছাদে অবস্থান করতে, হাঁটাহাঁটি করতে এবং মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে। এরপরই তিনি রেলিংয়ে বসার সময় নিচে পড়ে যান।

তিনি আরও জানান, ঘটনাটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :রংপুর