পঞ্চগড় সীমান্তে ঠেলে পাঠানো ১০ জনের অবস্থান শূন্যরেখায়

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইন (ঠেলে পাঠিয়েছে) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৫ জুন) ভোরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সদস্যদের বাধায় পুশইন হওয়া ব্যক্তিরা জিরো লাইনে (সীমান্তের শূন্যরেখা) অবস্থান করছেন। ঘটনার পর থেকে বিজিবির সঙ্গে স্থানীয়রা সীমান্তে অবস্থান করছেন।
সীমান্ত সূত্র জানায়, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা নারী ও পুরুষসহ ১০ জনকে পুশইন করেছে। বিজিবির টহল দল বাধা দিলে তারা সীমান্তের ভারতীয় অংশে ২০ গজের মধ্যে অবস্থান নেয়।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম জানান, সমাধানের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে।
