logo

দিঘিটিতে মাছ শিকারের উৎসব ২০০ বছরের ঐতিহ্য

দিঘিটিতে মাছ শিকারের উৎসব ২০০ বছরের ঐতিহ্য

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফোরকারপাড় দিঘিতে পুরোনো ঐতিহ্য ধরে রেখে আয়োজন করা হয়েছে মাছ ধরার উৎসব। শতাধিক শিকারির অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন ঘিরে দিঘিরপাড়জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

শনিবার (২৮ মার্চ) ভোর থেকেই দিঘির চারপাশে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দা ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। নির্ধারিত সময় ঘোষণা করা হলে একযোগে শিকারিরা জাল, কলাগাছের ভেলা, নৌকা ও দেশীয় নানা উপকরণ নিয়ে পানিতে নেমে পড়েন।

কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু বলেন, প্রায় ২০০ বছর ধরে এই দিঘিতে মাছ ধরার আয়োজন হয়ে আসছে। এটি শুধু মাছ ধরা নয়, বরং গ্রামের মানুষের এক মিলনমেলা।

একসঙ্গে শতাধিক মানুষের মাছ ধরার দৃশ্য দেখতে দিঘিপাড়ে ভিড় করেন শত শত দর্শনার্থী। পরিবার-পরিজন নিয়ে এই আয়োজন উপভোগ করেন তারা। শিশু-কিশোরদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজক কমিটির সদস্য বিল্লাল হোসেন মিবু জানান, বছরের নির্দিষ্ট সময় পর্যন্ত দিঘিতে মাছ ধরা বন্ধ রাখা হয়, যাতে মাছ বড় হতে পারে। পরে নির্ধারিত দিনে ফির মাধ্যমে টিকিট সংগ্রহ করে টিকিটধারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

দিনব্যাপী এই আয়োজন শেষে ধরা মাছ শিকারিদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। কেউ পরিবারের জন্য মাছ নিয়ে যান, আবার কেউ তা বিক্রির জন্য বাজারে নিয়ে যান।