কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় একটি কলার আড়তে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে অপরিপক্ব কলা পাকানোর অভিযোগে হালিমের কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে রাসায়নিক প্রয়োগে পাকানো সব কলা জনসম্মুখে ধ্বংস করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে আড়তটিতে রাসায়নিক ছিটিয়ে ক্ষতিকারক উপায়ে কলা পাকানোর প্রমাণ হাতেনাতে ধরা পড়ে। পরবর্তীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আড়তটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মর্মে আড়ত মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
বিকেল ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত এই তদারকিমূলক অভিযানে আদর্শ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল সক্রিয় সহযোগিতা প্রদান করে। একই অভিযানে স্থানীয় মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করা হয় এবং অসাধু উপায় অবলম্বন না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, অপরিপক্ব কলায় রাসায়নিক ব্যবহার করে পাকানো জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা-অধিকার সুরক্ষায় আমাদের এই নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।
