দলে প্রতিপক্ষ বানাবেন না: খায়রুল কবির খোকন

নরসিংদী সদর আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দলে প্রতিপক্ষ বানাবেন না। আমাদের প্রতিপক্ষ নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। বিএনপি কিন্তু বিএনপির প্রতিপক্ষ নয়। নতুন বিরোধী দলটির ব্যাপারেও সতর্ক থাকবেন। দলে সবাইকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। কোনোরকম বিরোধ সৃষ্টি করতে দেওয়া যাবে না।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় নরসিংদী শিশু অ্যাকাডেমিতে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় তিনি বলেন, আমাদের দলের নেতাকর্মীরা যেন আদর্শচ্যুত না হয়। আদর্শবান মানুষ হিসেবে আগামী দিনে আমাদের দায়িত্ব আমরা পালন করব।
খায়রুল কবির আরও বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউপি নির্বাচন হবে। সেই নির্বাচনে যেন আমরা দলের ত্যাগী, পরীক্ষিত নেতা, ৫ আগস্টের আগের ও পরের ভূমিকা—সেটা আমরা দেখব, মূল্যায়ন করব। তাদের ত্যাগ, শ্রম কতটুকু ছিল দলের জন্য সেটাকে মূল্যায়ন করে সামগ্রিক বিষয় বিবেচনা করে কিন্তু তাদেরকে আমরা আগামী দিনে যেন মূল্যায়ন করতে পারি।
এ সময় নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেন, হারুনুর রশিদ, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া ও অন্যান্য নেতারা।





