আড্ডা থেকে তর্ক, বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়ায় আড্ডার একপর্যায়ে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার জেরে আরও দুজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে শহরের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সিয়াম (১৭)। তিনি ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার তুহিন (১৬) ও তুর্য (২২)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিয়াম তার কয়েকজন বন্ধুর সঙ্গে ফুলতলা এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বন্ধুরা মধ্যে একজন সিয়ামের বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সিয়ামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তুহিন ও তুর্য আহত হন বলে জানা গেছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।