Advertisement

চুলায় রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
চুলায় রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
পঞ্চগড় সদর থানা। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাসিমা বেগম ওই এলাকার শহিম উদ্দীনের স্ত্রী।

নিহতের মেয়ে মাইশা আক্তার বলেন, সকালে আমি পড়ছিলাম। মা ম্যাজিক চুলায় ভাত রান্না করছিলেন। হঠাৎ শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি মা মেঝেতে পড়ে আছেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। তবে ডাক্তার জানান, মা আগেই মারা গেছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ জানান, বিদ্যুৎস্পৃষ্ট এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয় :পঞ্চগড়