logo

বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল যমজ ২ ভাইয়ের

বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল যমজ ২ ভাইয়ের
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যমজ দুই ভাইয়ের মৃত্যুতে স্বজনদের শোক। ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলতে গিয়ে পুকুরে ডুবে মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২) নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ফুটবল খেলছিল ওই দুই ভাই। খেলার একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে দুজনই পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী শিশু দুটির মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তিনি পরিবারের লোকজনকে খবর দেন। স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।