সেই ব্যবসায়ীকে পাওয়া গেল ইটভাটায়, হাত-পা ছিল বাঁধা

যশোরে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার (১১ মার্চ) রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি ইটভাটা থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারের সময় জাহাঙ্গীর আলমের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২ মার্চ রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর আলম অপহরণ হন বলে অভিযোগ করেন স্ত্রী রেশমা খাতুন। অপহরণের পর এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং বিষয়টি পুলিশকে না জানাতে হুমকি দেওয়া হয়।
র্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। ইটভাটায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।