logo

এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, এমপির বাসা থেকে যুবক গ্রেপ্তার 

এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, এমপির বাসা থেকে যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির অভিযোগে মোহাম্মদ ফখরুদ্দিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়া এলাকায় শাহজাহান চৌধুরীর বাসায় গিয়ে চাঁদা দাবি করেন ফখরুদ্দিন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করেন। ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, শনিবার দুপুর ২টার দিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নবনির্বাচিত এমপি শাহজাহান চৌধুরীর বাড়িতে গিয়ে ফখরুদ্দিন এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। শাহজাহান চৌধুরী তখন বাড়িতেই ছিলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীকে জানানো হলে একটি দল ঘটনাস্থলে গিয়ে ফখরুদ্দিনকে আটক করে। তল্লাশি করে তার মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ছবি ও কিছু ভিজিটিং কার্ড জব্দ করা হয়। 

সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযুক্তকে আটক করে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।