তেল না পেয়ে সড়ক অবরোধ

রাঙামাটি শহরে একটি ফিলিং স্টেশনে তেল না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোটরসাইকেলচালকরা।
শনিবার (৪ এপ্রিল) সকালে শহরের মেসার্স এসএন পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনের সামনের সড়ক অবরোধ করেন তারা।
এ সময় দুই পাশে অনেক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোটরসাইকেল চালকদের দাবি, পাম্পে তেল থাকলেও সময় বেঁধে দেওয়ার কারণে দীর্ঘক্ষণ লাইনে থাকার পরও তেল পাচ্ছেন না তারা। প্রতিদিন কী পরিমাণ তেল দেওয়া হবে এবং কতজন পাবেন তা আগে জানিয়ে দিলে ভেগান্তি থেকে মুক্তি পাওয়া যেত।
মোটরসাইকেলচালক রাহুল চাকমা বলেন, প্রতিদিন বাইক রাইড করে পণ্য দিতে হয়। যে পরিমাণ তেল দেয় তাতে হয় না। সকাল ৭টায় লাইনে দাঁড়িয়ে থেকে ১১টায় তেল দেওয়া বন্ধ করে দেওয়ায় আমি পাইনি। প্রতিদিন কী পরিমাণ এবং কতজনকে দেবে এটা আগে জানিয়ে দিলে আমাদের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো না।
মেসার্স এসএন পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনের ম্যনেজার মো. ছিদ্দিক বলেন, আজ ১ হাজার যানবাহনে অকটেন দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা মতো আমরা জ্বালানি দিয়ে যাচ্ছি।
এ বিষয়ে রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, শহরের রাজবাড়ি এলাকার একটি ফিলিং স্টেশনের সমানে সড়ক অবরোধের ঘটনা ঘটে। পাম্পে থাকা আমাদের সদস্যরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।