logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক

কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক
কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। ছবি : এশিয়া পোস্ট

শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ব্যয়ে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়ার পাশাপাশি চারটি স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। এতে যে কোনো সময় ফাটল ধরা অংশগুলোও ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি এনে সড়কে ব্যবহার করা হলেও ওইসব স্থানে যথাযথভাবে পাইলিং বা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি যে অংশটি বর্তমানে প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, সেটি নির্মাণকাজ চলাকালীনও একবার ধসে পড়েছিল বলে দাবি তাদের। তবে ঠিকাদার ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের সৃষ্টি হয়েছে।

Advertisement

স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর মাত্র সাত দিনের মাথায় সড়কের একটি অংশে প্রায় ৫০ মিটার জায়গাজুড়ে ধস দেখা দেয়। ধসে পড়া অংশে সড়কের পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের আরও অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে। চারটি স্থানে সড়কের বড় অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়ার পাশাপাশি চারটি স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। ছবি : এশিয়া পোস্ট কোলাজ
একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়ার পাশাপাশি চারটি স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের সময়ই বিভিন্ন স্থানে মাটি ভরাট ও সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পাশের খাল থেকে মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। কিন্তু খালের পাড় ও সড়কের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং করা হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে।

তারা আরও জানান, সড়কটি সামন্তসার ইউনিয়নের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের কারণে এখন আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ফাটল ধরা অংশগুলো যেকোনো সময় ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ধসে পড়া অংশগুলো মেরামত, ফাটল ধরা স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সড়কের নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, রাস্তা করার সময়েই এই জায়গায় ভাঙছিল। তখন তারা খালের পাশ থেকেই ভেকু দিয়ে মাটি নিয়ে এই জায়গায় দেন। তখন আমরা বলছিলাম এই মাটি দিলে আবারও ভাঙবে, কিন্তু তারা আমাদের কথা শোনেননি। কোনো রকম বালু আর খোয়ার কাজ করে পিচ দিয়ে গেল। এখন আবার ভাঙল। প্রথমবার ভাঙার পর যদি সঠিকভাবে কাজ করত, আজকে এমন হতো না।

আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, এক সপ্তাহ হয়নি রাস্তাটা ভেঙে পড়েছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, করেনি। তারপর আবার রাস্তার পাশ থেকেই মাটি কেটে রাস্তায় দিয়েছে, এজন্য মাটি ভেঙে পড়ে গেছে। রাস্তার সাইডে যদি মাটি না থাকে, তাহলে কীভাবে রাস্তা থাকবে। আমরা চাই এই রাস্তাটি সঠিকভাবে মেরামত করা হোক।

গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক ও ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার। ছবি : এশিয়া পোস্ট
গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক ও ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার। ছবি : এশিয়া পোস্ট

এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। যেহেতু এটি নির্মাণাধীন কাজ, তাই এটি আমরা সমাধান করে দেব। স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়রা কী বলল না বলল, এটা কোনো বিষয় না; তারা কাজের কী বুঝে।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরায় কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে অনানুষ্ঠানিক বা গোপনে রেকর্ড করা বক্তব্যে তিনি বলেন, আমি কোনো বক্তব্য দিতে পারব না, আমার সমস্যা হবে। আর আপনাদের কোনো বক্তব্য নেওয়া লাগবে না, আপনারা জিয়া ভাইয়ের সঙ্গে কথা বলেন তাহলেই হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট