বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী

তীব্র ঝড়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর আড়াইটায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে দৌলতদিয়া ঘাট এলাকায় ছয়টি ফেরি নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। এ নৌরুটে মোট ১৫টি ফেরি চলাচলের জন্য প্রস্তুত থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেগুলোর কার্যক্রম স্থগিত রয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, তীব্র ঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া অনুকূলে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।
