Advertisement

পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে প্রাণ গেল কৃষকের

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে প্রাণ গেল কৃষকের
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাজারে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন মনা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন মনা (৬০) পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত নির্জান মণ্ডলের ছেলে। আহত মো. জিল্লু শেখ (৫০) একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত করিমন গাড়িতে করে সোনাপুর বাজারের দিকে রওনা দেন ওই দুই কৃষক। পথিমধ্যে শিয়ালমারী মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির ডান পাশের চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে করিমনটি উল্টে গিয়ে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইব্রাহিম হোসেন মনার মৃত্যু হয়। অন্যদিকে, আহত জিল্লু শেখের শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পর আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

বিষয় :রাজবাড়ী