স্ত্রীর জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল স্বামীর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম (৬০) উপজেলার ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে যান। এ সময় তার ভায়রা নুর ইসলাম, তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তাজুল ইসলাম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাশের বাড়ির বাসিন্দা মনির হোসেন জানান, ওই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।