logo
Advertisement

নড়াইলে অ্যাপের মাধ্যমে ইলিশ বিক্রির প্রতারণা, আটক ৫

এশিয়া পোস্ট নিউজ,নড়াইল
নড়াইলে অ্যাপের মাধ্যমে ইলিশ বিক্রির প্রতারণা, আটক ৫
আটক পাঁচ যুবক। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলের কালিয়ায় ‘ইলিশ বাড়ি’ অ্যাপ ও ফেসবুকের মাধ্যমে তাজা ইলিশ মাছ বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ফুলদাহ গ্রামের আকিদুল শেখ, আসমাউল শেখ, ইমরান শেখ, তৈয়বুর রহমান এবং নিরব শেখ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ‘ইলিশ বাড়ি’ অ্যাপ ব্যবহার করে সাশ্রয়ী দামে তাজা ইলিশ দেওয়ার প্রলোভন দেখাতেন। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে আর মাছ সরবরাহ করতেন না।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৬টি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, চক্রটি প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে মাদক কেনাবেচা, সেবন এবং জুয়াসহ বিভিন্ন অপকর্ম চালাত। আটক আকিদুল শেখের বিরুদ্ধে নড়াইল কালিয়া থানায় মাদক ও অন্যান্য অপরাধে আগেরও ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

অনলাইনে পণ্য কেনাবেচায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওসি বলেন, অচেনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনলাইনের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অগ্রিম টাকা দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।