চাঁদপুরে প্রস্তত প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ

চাঁদপুর সফরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি। তার আগমন ঘিরে প্রস্তত করা হয়েছে জনসভা মঞ্চ।
শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ সমাবেশ হবে। এখান থেকেই উদ্বোধন হবে ফ্যামিলি কার্ড। ইতোমধ্যেই স্থানটি ঘিরে বিএনপির দলীয় নেতাকর্মীরাও আনন্দ উল্লাসে সরব রয়েছেন।
নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো অনুষ্ঠানস্থল। ২০০৪-এ তারেক রহমান চাঁদপুরে এসেছিলেন বিএনপির একজন কর্মী হিসেবে। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর এ জেলায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলের নেতারা।
সর্বশেষ ২০১২ সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এ জেলায় যাচ্ছেন। জিয়া পরিবারের সন্তান হিসেবে তার এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
