logo

বজ্রপাতের শব্দে তিন মাসের শিশু নিহত, মা-বাবাসহ আহত ৬

বজ্রপাতের শব্দে তিন মাসের শিশু নিহত, মা-বাবাসহ আহত ৬
বজ্রাঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি : এশিয়া পোস্ট

রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতের শব্দে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় একই পরিবারের ৬ জন আহত হয়েছেন।

রোববার (২৪ মে) রাতে উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম উজ্জল চাকমা (৩)। আহত শিশুটির বাবা নয়ন চাকমা, মা রেশমি চাকমা, দীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), নয়ন চাকমা (২৫), রেশমি চাকমা (২০), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। বজ্রপাতের সময় সবাই একটি ঘরে অবস্থান করছিলেন। তারা সবাই বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামের বাসিন্দা।

সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা বলেন, রাত ৩টার দিকে বজ্রপাতে ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে সবাই আহত হন। বজ্রপাতের বিকট শব্দে শিশুটি মারা যায় বলে ধারণা করছি। আহত ৬ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাঙামাটি বাঘাইছড়ির সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, এটা খুবই মর্মান্তিক ঘটনা। বাবা-মায়ের কোলের শিশুটি মারা গেলো। পরিবারের সবাই এই ঘটনায় আহত হয়েছেন। আমি খোঁজ খবর নিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করবো।