Advertisement

কয়রায় নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
কয়রায় নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
খুলনার কয়রা থানা ভবন। ছবি: এশিয়া পোস্ট

খুলনার কয়রা উপজেলায় পিঠা খাওয়ানোর লোভ দেখিয়ে নয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৫ জুলাই) কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বৃষ্টির সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে প্রতিবেশী সাইফুল্লাহ মোল্লা পিঠা খাওয়ানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। অভিযোগ রয়েছে, ফাঁকা বাড়ির একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরিবারের দাবি, তারা ঘরে ঢুকে অভিযুক্তকে উলঙ্গ অবস্থায় দেখতে পান।

স্থানীয় বাসিন্দা মোশাররফ ঢালী জানান, ঘটনাটি জানাজানি হলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও গ্রামবাসী আর্থিক সহায়তার প্রস্তাব দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী পরিবার প্রশাসনের শরণাপন্ন হলে পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমি গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলাম। ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে সাইফুল্লাহর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মেয়ের চিৎকার শুনে দরজায় ধাক্কা দিই। দরজা খুলে গেলে দেখি সাইফুল্লাহ বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে। আমার মেয়ে কান্না করতে করতে আমার কাছে চলে আসে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

কয়রা থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।