logo

রনজিতের গাছের একাংশে ধরে টমেটো, আরেকাংশে আলু

রনজিতের গাছের একাংশে ধরে টমেটো, আরেকাংশে আলু

‘পমেটো’–শব্দবন্ধ এখন খুব বেশি অপরিচিত নেই। ইংরেজিতে ‘পটেটো’ ও ‘টমেটো’ এই দুটি শব্দের সমষ্টি হলো পমেটো। যেটাকে বলা হয় ‘পোর্টম্যানটো ওয়ার্ড’। পমেটো শুধু শব্দে নয়, বাস্তবতায়ও বিরাজ করে। বিশ্বের নানা প্রান্তে একই গাছ থেকে উৎপাদন করা হয় টমেটো ও আলু। বাংলাদেশে এমনটা খুব বেশি জানা যায়নি।

সম্প্রতি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি বাড়িতে দেখা যায়, একই গাছে মাটির নিচে ফলেছে আলু, গছের ডালে থোকায় থোকায় ঝুলছে লাল-সবুজ-হলুদ টসটসে টমেটো। গ্রাফটিং পদ্ধতি অনুসরণ করে একই গাছে দুই ধরনের সবজি চাষে সফলতা অর্জন করেছেন রনজিৎ চন্দ্র কীর্তনীয়া। গ্রাফটিং পদ্ধতিতে একই গাছে দুই সবজি চাষের নাম দিয়েছেন তিনি সাইব্রিড প্লান্ট।

ছাদ বাগানের টবে সাইব্রিড প্লান্ট উৎপাদনের কারিগর জেলার বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড বসুন্ধরা এলাকার এই বাসিন্দা জাবরহাট ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। 

দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদের প্রোটোপ্লাস্টের মিলনে যে নতুন উদ্ভিদ উৎপাদিত হয় তাকে সাইব্রিড প্লান্ট বলে। এটি টিস্যু কালচার প্রযুক্তির একটি উদ্ভাবন পদ্ধতি। টমেটো গাছের সঙ্গে আলু গাছের গ্রাফটিং করে পোমেটো উৎপাদন করছেন রনজিৎ। একই গাছের মাটির নিচে হবে আলু ও ওপরে হবে টমেটো।

রনজিৎ চন্দ্র বলেন, খরচ কম হলেও ফলন বেশ ভালো হয়েছে। তাছাড়া দিন দিন দেশে চাষযোগ্য জমির পরিমাণ কমছে। তাই একই গাছে একাধিক ফসল হলে সুবিধা। এই পদ্ধতিতে পরিচর্যাতেও কোনো বাড়তি ঝামেলা নেই। একই জৈবসার ব্যবহার করায় এ পদ্ধতি কৃষকের জন্য লাভজনক।

কীভাবে আগ্রহ জন্মালো—রনজিৎ জানালেন, ছোটবেলা থেকেই কৃষিসংক্রান্ত বিষয়ে আগ্রহ ছিল। পড়াশোনা করেন উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে। শিক্ষাজীবন শেষে উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেন তিনি। কাজের ফাঁকে ছাদবাগানে নতুন চাষাবাদ পদ্ধতি নিয়ে পরীক্ষামূলক কাজ করা শুরু করেন। এর মধ্যে ‘পোমাটো’ উৎপাদন অন্যতম। এ ছাড়া বর্ষা মৌসুমে বেগুন গাছেও গ্রাফটিং করে টমেটো চাষ করেছিলেন তিনি।

bigStoryContent

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে আলু এবং টমেটো গাছের চারা জোড়া লাগিয়ে ‘টমালু’ বা পমেটো গাছ তৈরি করা হয়। যেহেতু আলু এবং টমেটো একই গোত্রভুক্ত উদ্ভিদ, তাই এদের গ্রাফটিং সফল হয়।

তিনি বলেন, একই গাছের মাটির নিচে আলু ও মাটির ওপরের ডালে টমেটো উৎপাদন সম্ভব হয়। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে একই গাছে একাধিক ফসল উৎপাদন কৃষকদের জন্য লাভজনক হতে পারে। এ পদ্ধতিতে উৎপাদন খরচ তুলনামূলক কম এবং সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব।