ভারী বৃষ্টিতে ধসে পড়েছে চট্টগ্রামের বিমানবন্দর সড়ক

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
ভারী বৃষ্টিতে ধসে পড়েছে চট্টগ্রামের বিমানবন্দর সড়ক
পতেঙ্গা সৈকত এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের পাশের ওই অংশ ধসে পড়েছে। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে পতেঙ্গা এলাকায় বিমানবন্দর সড়কের একাংশ ধসে পড়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে পতেঙ্গা সৈকত এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের পাশের ওই অংশ ধসে পড়ে। চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন।

চট্টগ্রাম বন্দর এলাকার সঙ্গে আউটার রিংরোডের সংযোগ তৈরি করা এই সড়কের এক অংশ ধসে যাওয়ায় এক পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ আছে। এই সড়কটি দিয়ে বন্দরের গাড়ী শহর থেকে আসা-যাওয়া করে। ফলে দ্রুত ব্যবস্থা না নিলে আমদানি রপ্তানি কার্যক্রমে বড় ধরণের প্রভাব পরার আশঙ্কা আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এশিয়া পোস্টকে বলেন, এই সড়ক দিয়ে বন্দরের গাড়ি আসা-যাওয়া করে। এখন সড়কের এক পাশে ধস হওয়ায় অন্য পাশ দিয়ে রেশনিং করে আমরা যান চলাচল স্বাভাবিক রেখেছি। সিডিএকে (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) বিষয়টি জানিয়েছি। তারা কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, টানা বৃষ্টিতে পানির চাপ আরও বাড়লে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

এদিকে ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে পাহাড়ি ঢল, কর্ণফুলীর জোয়ার মিলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পতেঙ্গার বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। ওইসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও ক্লাসও বন্ধ রাখা হয়েছে।