logo

বগুড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে ২ নারী খুন

বগুড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে ২ নারী খুন

বগুড়ার শিবগঞ্জে পৃথক ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন হয়েছেন। উপজেলার ময়দানহাটা ইউনিয়নে নিজ বাড়িতে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে মোকামতলা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ননদের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন শাহানাজ বেগম (৭০)। মৃত আবদুল খালেকের স্ত্রী শাহানাজ বেগম বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার।

এলাকাবাসী ও স্বজনরা জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা শাহানাজ বেগমের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। নিহতের ভাতিজা সুজন জানান, ঘটনার সময় তারা স্থানীয় দাড়িদহ বাজারে ছিলেন। বাড়িতে লোক ঢোকার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে দেখেন শাহানাজ বেগম রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে মোমেনা বেগম (৬৮) নামে আরও এক নারী নিহত হন। তিনি ওই গ্রামের বাবু সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানান, জাবারীপুর গ্রামের শেফালী বেগমের পরিবারের সঙ্গে তার ননদ জোলেখা ও বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ওই বিরোধের জেরে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে মোমেনা বেগম এগিয়ে গেলে প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, দুটি খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহানাজ বেগম হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। অন্যদিকে জাবারীপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুটি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।