নোয়াখালীতে মোটরসাইকেলে দ্রুত গতি কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাতে কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজিচালিত অটোরিকশা চালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই বাড়ির সিএনজি অটোরিকশাচালিত চালক মো. শাহজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তিন আরোহী নিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিকে) নিয়ে গেলে চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানে হয়েছে। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
