logo
Advertisement

কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে আবদুর রশীদ (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের রেলক্রসিংসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রশীদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আবদুল আওয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রেলক্রসিংসংলগ্ন এলাকায় আবদুর রশীদের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। একপর্যায়ে কয়েকজন তাকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের কথা জানা গেলেও এর পেছনে পূর্বশত্রুতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।’

ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ, হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।