শরীরে গুলির ক্ষত, খুঁড়িয়ে খুঁড়িয়ে আবারও লোকালয়ে আহত হাতি

কক্সবাজারের টেকনাফে চিকিৎসা শেষে পাহাড়ে ফেরানোর কয়েক দিনের মাথায় আবারও লোকালয়ে চলে এসেছে আহত বন্যহাতিটি। হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত এবং ডান পায়ের জয়েন্টে গুরুতর আঘাত রয়েছে। এ কারণে সেটি ঠিকমতো হাঁটতে পারছে না।
শনিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে হাতিটির উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, আহত হাতিটি পাহাড় থেকে নেমে এদিন সকালে গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়ে। খবর পেয়ে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা করেন। একপর্যায়ে হাতিটি ধীরে ধীরে বনের দিকে সরে গেলেও পুরোপুরি পাহাড়ে ফিরে যায়নি। বর্তমানে সেটি বনের কাছাকাছি এলাকায় ঘোরাফেরা করছে। আহত হাতিটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা।
স্থানীয় বাসিন্দা হাবিব উল্লাহ বলেন, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি অবস্থান নেয়। পরে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন। তবে পায়ে গুরুতর আঘাত থাকায় হাতিটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, আহত হাতিটি আবার লোকালয়ে চলে আসায় সেটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগ জানায়, গত ১৮ নভেম্বর শীলখালী রেঞ্জের গর্জনবাগান এলাকার দুর্গম পাহাড়ে অসুস্থ অবস্থায় হাতিটির সন্ধান পাওয়া যায়। ড্রোনের মাধ্যমে কয়েক দিনের অনুসন্ধানের পর ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল ট্র্যাঙ্কুলাইজার প্রয়োগ করে হাতিটিকে অচেতন করে। এরপর প্রায় এক ঘণ্টা ধরে চলে চিকিৎসা। সে সময় চিকিৎসক দল হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান তখন জানিয়েছিলেন, হাতিটির নাকের নিচে, কানের পাশে ও শরীরের বিভিন্ন অংশে গুলির আঘাত রয়েছে। এর মধ্যে পেছনের ডান পায়ের হাড় ও টার্সাল জয়েন্ট এলাকায় থাকা দুটি ক্ষত সবচেয়ে গুরুতর। ক্ষত দুটি প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি গভীর।
তিনি আরও বলেন, পায়ের জয়েন্টের ভেতরে একটি গুলি রয়ে গেছে, যা বের করা অত্যন্ত জটিল। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। এত গুরুতর আঘাতের কারণে সেটির পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, আহত হাতিটির চিকিৎসায় বন বিভাগ, ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল ও বন্যপ্রাণী উদ্ধার দলের সদস্যরা কাজ করেছেন। চিকিৎসা শেষে পাহাড়ে ফেরানোর পরও হাতিটি লোকালয়ে ফিরে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


