logo

পিস্তল-গুলিসহ আটক ৩ যুবককে মেরে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল জনতা

পিস্তল-গুলিসহ আটক ৩ যুবককে মেরে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল জনতা

যশোরের অভয়নগর উপজেলায় পিস্তল, গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটকের পর মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আটক তিন যুবক হলেন—অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার, একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্যার ছেলে রবিউল মোল্যা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গ্রামবাসী পেরুলী-ধুলগ্রাম সড়কে পাহারা বসায়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা রিয়াজ ও শাকিলের শরীর তল্লাশি করতে গেলে তাদের একজন পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত থাকা রিয়াজ ও শাকিলের পক্ষ নিলে রবিউলসহ তিনজনকে মারধর করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, ওই তিন যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।