logo

ভোট না দিলে ঘর-বাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব: বিএনপি নেতার হুমকি

ভোট না দিলে ঘর-বাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব: বিএনপি নেতার হুমকি

দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়ব না। ঘর-বাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব। আমি কথা পরিষ্কার করে বলেছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার অসুবিধা নাই।

ভিডিওতে তিনি আরও বলেন, আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত হতে না হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ ওইভাবে নেব কিন্তু। আপনারা কি আমাকে অপমানিত হতে দেবেন। তাহলে সবাই কিন্তু ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয় যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠন করতে সহায়তা করবেন। গুনাইঘরবাসীকে সহায়তা করবেন।

মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্যের ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী গণমাধ্যমকে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী যে বক্তব্য দিয়েছেন এটি আমাদের দলীয় বক্তব্য নয়। একান্তই তার ব্যক্তিগত, এর দায়ভারও দলের নয়। এরপরও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ প্রার্থী। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি), বিএনপি জোট প্রার্থী গণঅধিকার পরিষদের মো. জসিম উদ্দিন (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাত পাখা)।