নৌপথের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
তিনি বলেছেন, লঞ্চঘাটের পন্টুন আধুনিকায়ন এবং ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল ও নাব্য রাখা গেলে নৌপরিবহনের পুরোনো ঐতিহ্য ফিরে আসবে।
রোববার (৩১ মে) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই নৌপথ হারানো ঐতিহ্য ফিরে পাক। সাধারণ মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয় কাজ করে যাবে। নৌযানকে আবারও জনগণের আস্থার বাহন হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য।
তিনি বলেন, পুরোনো স্টিমারগুলো বারবার মেরামত করা হয়েছে। বর্তমানে একটি সচল থাকলেও বাকি স্টিমারগুলো নৌপথে চলাচলের জন্য উপযোগী নয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়। ঐতিহ্যবাহী স্টিমারকে বিকল্পভাবে কীভাবে কাজে লাগিয়ে জনসেবা নিশ্চিত করা যায়, সে বিষয়েও আমরা ভাবছি।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান প্রমুখ।
