ঠাকুরগাঁওয়ে ১০২ বস্তা সরকারি চাল জব্দ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতের আঁধারে খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল উদ্ধার করে গাড়িসহ থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার রাতোর ইউনিয়নের মালিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাতোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আনোয়ারুল হকের আওতাধীন ১০২ বস্তা সরকারি চাল একটি গাড়িতে করে নেকমরদ বাজারের চাল ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটি আটক করেন।
পরে খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা গাড়িতে থাকা ১০২ বস্তা চাল উদ্ধার করে গাড়িসহ রাণীশংকৈল থানায় নিয়ে যান। বর্তমানে চাল ও চাল বহনকারী গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয় বাসিন্দা নোমান বলেন, রাতের আঁধারে একটি গাড়িতে করে বিপুল পরিমাণ চাল নিয়ে যাওয়ার সময় বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা গাড়িটি থামিয়ে ভেতরটা দেখতে চান। বস্তাগুলো খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বলে জানতে পেরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। সরকারি সুবিধাভোগীদের জন্য বরাদ্দ করা চাল এভাবে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হবেন। তাই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক বলেন, ওই চাল আমার না, তবে সরকারি চাল। আমাদের গ্রামে যারা চাল পান, তাদের মধ্যে কেউ চাল আবার কেউ টাকা নিয়ে যান, এটা সত্যি। আমার এক ভাতিজা সে চালগুলো কিনে দোকানে স্টক করেছিল। টাকার প্রয়োজন থাকায় আমি তাকে চালগুলো বিক্রি করে দিতে বলি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, চালগুলো থানায় আনা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



