logo

বগুড়ায় মতবিনিময় শেষে সিরাজগঞ্জের পথে তারেক রহমান

বগুড়ায় মতবিনিময় শেষে সিরাজগঞ্জের পথে তারেক রহমান

বগুড়ায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন তিনি। এরপরই তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। 

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন জানান, সকাল ১১টায় শহরের নাজগার্ডেন হোটেলের বলরুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বৈঠকে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে ভোটের মাঠে সতর্ক ও সংগঠিতভাবে কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান।

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেন, সদর বিএনপির সভাপতি মাখতুম রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক হিরু, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চানসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দী–সোনাতলা) আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনের মুহিত তালুকদার, বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৬ (গাবতলী–শাজাহানপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থীরাও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সড়কপথে সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন। পরে টাঙ্গাইলে দলীয় জনসভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তার। 

রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কালাম আজাদ বলেন, পথে বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলায় পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে, রংপুরে জনসভা শেষে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে তারেক রহমান বগুড়ায় পৌঁছান। রাত ১১টা ৪০ মিনিটে তিনি শহরের নাজগার্ডেন হোটেলে ওঠেন। হোটেলের মালিক ও সাবেক বিএনপি নেতা শোকরানা জানান, ‘নিরাপত্তার কারণে ওই সময় হোটেলে নতুন কোনো অতিথি রাখা হয়নি।’