Advertisement

সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেও আজ আমি অপরাধী: আইভী

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেও আজ আমি অপরাধী: আইভী
সেলিনা হায়াৎ আইভী। ছবি: এশিয়া পোস্ট

পুলিশের ওপর হামলার একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে সাংবাদিকদের সংক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী। সারাজীবন অন্যায়, হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে কথা বলেছি; অথচ আজ আমাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তবে আমি বিশ্বাস করি আল্লাহ আছেন এবং আমার নারায়ণগঞ্জবাসী আছে—একদিন সত্য প্রতিষ্ঠিত হবেই এবং বিচার অবশ্যই পাওয়া যাবে।

এই বক্তব্য দিয়ে তিনি দ্রুত গাড়িতে উঠে দেওভোগে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।

আইভীর আদালতে আগমনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে তার বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মী উপস্থিত হন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল এবং পুরো এলাকার নিরাপত্তা জোরদার রাখা হয়।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, গত বছর আইভীকে গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল মঙ্গলবার। এ মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই নির্ধারিত সময়ে আদালতে হাজিরা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে হত্যা ও হত্যাচেষ্টাসংক্রান্ত মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ ৩৯১ দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে থাকার পর চলতি বছরের ৪ জুন উচ্চ আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান।