কিস্তির টাকা নিয়ে বিরোধ, ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া এলাকায় কিস্তির টাকা নিয়ে পারিবারিক বিরোধে ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে (২০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে লুৎফর রহমানের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বাবাকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা বানু খাতুনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সাগরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে নাইমের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাইমের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎমায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি তিনি কিস্তিতে একটি স্মার্টফোন কেনেন। গত ২৯ জুলাই ওই ফোনের কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফর রহমান ছেলেকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে। পারিবারিক বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের কোনো এক সময় নাইমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহটি ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে অভিযুক্ত বাবা পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা বানু খাতুনকে থানায় আনা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.png)






